ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ ওয়াবধা রোডের পূর্ব পাশের পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার নজরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোঃ ওয়াজেদ আলী ও এএসআই মোঃ ওয়ারেছ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় নজরুল ইসলামের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Leave a Reply
You must be logged in to post a comment.