পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় ভিমরুলের ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছে দুই শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়ে এক শিশুর মা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই শিশু হলো সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশের একটি বাগানে খেলছিল রোহান ও আরাফাত। এ সময় খেলার ছলে তারা পাটকাঠি দিয়ে মাটির নিচে থাকা ভিমরুলের বাসায় আঘাত করলে মুহূর্তেই ভিমরুলের ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। শিশুদের চিৎকার শুনে পাশেই থাকা এক শিশুর মা তাদের বাঁচাতে এগিয়ে গেলে তিনিও ভিমরুলের আক্রমণের শিকার হন।
পরে ঝুঁকি উপেক্ষা করে ওই নারী শিশু দুটিকে নিয়ে নিরাপদ স্থানে সরে যান। তবে ততক্ষণে তারা গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই শিশুর মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত ওই নারী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে চলছে শোকের মাতম। শোকাহত স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply
You must be logged in to post a comment.