পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ মোঃ বাবলু প্রাং (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রানীগ্রাম পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, রানীগ্রাম পূর্বপাড়া গ্রামের একটি বাড়ির উঠানে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে একজন অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন বাবলু প্রাং। এ সময় তাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বাম হাতে থাকা একটি বাজারের প্লাস্টিকের ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো এক হাজার গ্রাম বা এক কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বাবলু প্রাং রানীগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা সদর থানা এলাকার মাদকসেবীদের কাছে বিক্রির কথা জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.