চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান চালিয়েছে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাটমোহর পৌর শহরের শাহী মসজিদ মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুম আকাশ, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান ও সাকিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সদস্য মো. রবিন হোসেন, ছাত্রনেতা কনক বিশ্বাস, শাকীব ও মেহবার। এছাড়া কর্মসূচিতে অংশ নেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির, চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আলিফ হোসেন ও সদস্য সচিব শাকিব হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর রহমান, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রবিন হোসেন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সম্পদ এবং ছাত্রনেতা শফিকুল, ফাহিম ও আসিফসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও মশার প্রজননস্থল পরিষ্কার করেন এবং মশক নিধনের জন্য ওষুধ ছিটান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, জনসচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।