পাবনা প্রতিনিধি: পাবনার আমিনপুরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আমিনপুর থানার বাঁধেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোছা. চম্পা খাতুন (৪৫) এবং আমিনপুর থানার সাগরকান্দি বাজার সিন্দিরিয়া এলাকার রাতুল শেখ (১৯)।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়েরির সূত্র ধরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বাঁধেরহাট বাজারে নান্টু ফকিরের ফকির প্লাজার সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চম্পা খাতুন ও রাতুল শেখকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে নারী কনস্টেবলের সহায়তায় চম্পা খাতুনের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ৪০ পিস এবং রাতুল শেখের প্যান্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন উদ্ধার করা ইয়াবা পাবনা জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আমিনপুর থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আমিনপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।