চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভুট্টাবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালক ও হেলপারও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব আলী ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভুট্টাবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাটমোহরের দিকে যাচ্ছিল। একই সময়ে এক নারী যাত্রীকে নিয়ে অটোভ্যান চালিয়ে ধরইল ব্রিজের দিকে যাচ্ছিলেন তোরাব আলী। ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলিটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় ট্রলিতে থাকা চালক ও হেলপারও ভুট্টার বস্তার নিচে চাপা পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান চালক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।
আহত ট্রলি চালক ও হেলপারের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ধরইল ব্রিজ এলাকায় কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Leave a Reply
You must be logged in to post a comment.