সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের রাজাপুর রেলস্টেশনের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর পায় পুলিশ।

খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় সাঁথিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার পরিপ্রেক্ষিতে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।