পাবনা প্রতিনিধি: পাবনায় পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদকস্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার গোবিন্দা এলাকার মৃত সাগরের ছেলে মো. সেতু (৪০), আতাইকুলা থানার তেলকুপি গ্রামের মৃত আফসারের ছেলে মো. হালিম (৫০), ঈশ্বরদীর মুলাডুলি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে আব্দুল রাজ্জাক (৩৯), ঈশ্বরদীর মালিথাপাড়া এলাকার মো. কালু প্রামাণিকের ছেলে মো. হানিফ (২১) এবং দাশুড়িয়া এলাকার আব্দুল মালেক মালিথার ছেলে মো. শহীদুল ইসলাম রুবেল (৪৪)।

ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপ-পরিদর্শক সোহান, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের কারাদণ্ড ভোগের জন্য পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। সেপ্টেম্বর ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ছয়জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।