পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার ও সোমবার (৩০ ও ৩১ আগস্ট) পাবনা সদর উপজেলার লস্করপুর ও কবিরপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এসব অভিযান পরিচালনা করা হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা এবং পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৫৫), চর রাধাকান্তপুর গ্রামের মৃত ময়েন কাজীর ছেলে মো. শামীম কাজী (২৬), একই গ্রামের মোহাম্মদ প্রামাণিকের ছেলে মো. তোফায়েল (৩৩), লস্করপুর গ্রামের মো. শাহাদৎ মোল্লার ছেলে মো. আজিজুল মোল্লা (৪০) এবং আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের মো. বাকীর ছেলে মো. শুকুর আলী (৪০)।
ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ ও উপপরিদর্শক সোহান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ১১৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.