পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সকালে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
র্যাব জানায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে ফরহাদ আলী (২৮) এবং ফুলবাড়ী ধনিরাম এলাকার আব্দুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৭)।
প্রেস ব্রিফিংয়ে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কুড়িগ্রাম জেলা থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম ও মাদকসংক্রান্ত মামলাও রয়েছে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

Leave a Reply
You must be logged in to post a comment.