পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পাবনা সদর উপজেলার লস্করপুর ও কবিরপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা সদর সার্কেলের একটি দল অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন, পাবনা শহরের রাধানগর মক্তব এলাকার মো. মহিরের ছেলে মুজাহিদুল ইসলাম বাবু (৩৫) এবং রামানন্দপুর এলাকার নারায়ণ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক সোহান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ১০৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।