চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) চাটমোহর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৯২-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে অভিযানটি চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাটমোহর থানাধীন পূর্ব টিয়ার তলা গ্রামের পাবনা-চাটমোহর সড়কে জয়নালের দোকানের সামনে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পূর্ব টিয়ার তলা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাব্বী ইসলাম (২১) এবং একই গ্রামের মো. সালাম প্রামাণিকের ছেলে মো. হাফিজুল ইসলাম (২০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাব্বী ইসলামের পরিহিত লুঙ্গির ডান টেমরে থাকা সাদা পলিথিন থেকে ২৫ পিস ইয়াবা, যার ওজন ২ দশমিক ৫ গ্রাম এবং হাফিজুল ইসলামের লুঙ্গির বাম টেমরে থাকা সাদা পলিথিন থেকে ২৫ পিস ইয়াবা, যার ওজন ২ দশমিক ৫ গ্রাম, উদ্ধার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ৫০ পিস ইয়াবা, ওজন ৫ গ্রাম, জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা জানিয়েছে বলে ডিবি পুলিশ জানায়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় চাটমোহর থানায় নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.