চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল থেকে চাটমোহর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৯২, তারিখ ২৬ আগস্ট ২০২৬-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানাধীন বাগলবাড়ি কৈই গ্রামের হান্ডিয়াল চারমাথা-ধোপাপুকুর সড়কে দুই ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি সদস্যরা তাদের আটক করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ থানার সাখোয়াদীঘী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মো. ইমরান হোসেন (২৩) এবং পাবনার চাটমোহর থানার মির্জাপুর গ্রামের মো. ইদ্রিস শেখের ছেলে মো. সোহেল শেখ (২০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান হোসেনের পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিন থেকে ৬০ পিস ইয়াবা, যার ওজন ৬ গ্রাম, এবং সোহেল শেখের পরিহিত লুঙ্গির বাম টেমরে থাকা সাদা পলিথিন থেকে ৪০ পিস ইয়াবা, যার ওজন ৪ গ্রাম, উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০০ পিস ইয়াবা, মোট ১০ গ্রাম, জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় চাটমোহর থানায় মামলা রুজু ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।