পাবনা প্রতিনিধি: দীর্ঘদিনের প্রত্যাশিত পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তুতি এগিয়ে চললেও ট্রেনটির নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা তথ্য। এর মধ্যে ‘সপ্তপদী’ নামটি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হলেও রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন ট্রেনটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, পাবনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় নতুন রেল কোচ ভারতে প্রস্তুত করা হয়েছে। চলতি মাসেই কোচগুলো বাংলাদেশে আসার কথা রয়েছে। এরপর পার্বতীপুরে কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে কোচগুলো ঈশ্বরদী জংশনে আনা হবে। সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ট্রেনটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে নতুন ট্রেনের নাম ‘সপ্তপদী’ রাখা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পাবনাবাসীর মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই পাবনার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাম দেওয়ার দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইছামতী’, ‘চলনবিল’সহ বিভিন্ন নাম প্রস্তাব করা হচ্ছে।
বিষয়টি নিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ‘সপ্তপদী’ নয়, পাবনাবাসী যে নাম পছন্দ করবেন, সেই নামেই নতুন ট্রেনের নামকরণ করা হবে।
এমপি শিমুল বিশ্বাস বলেন, ‘সপ্তপদী’ নামটি নয়, পাবনাবাসীর পছন্দের নামেই নতুন ট্রেনের নামকরণ করা হবে। পাবনার ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগকে গুরুত্ব দিয়েই নাম নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, নতুন ট্রেনের নাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়লেও রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। একইভাবে ট্রেন চালুর নির্দিষ্ট তারিখও চূড়ান্তভাবে জানানো হয়নি।
নতুন ট্রেন চালু হলে পাবনাসহ আশপাশের এলাকার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.