ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে রামচন্দ্রপুর-মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কার্ডবোর্ডবোঝাই একটি ট্রাক স্পিড ব্রেকারের ওপর উঠলে অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে এর একটি চাকার শ্যাফট ভেঙে যায়। এতে ট্রাকটি সড়কের ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পাথরবোঝাই ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর সড়কের একাংশে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে বড় ট্রাক, মিনি ট্রাক ও বাস চলাচলে সমস্যা দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে দুর্ঘটনাকবলিত যানবাহন পড়ে থাকায় যান চলাচলে আরও দুর্ভোগ তৈরি হয়েছে। দ্রুত ট্রাক দুটি সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।