ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে সিজার ও পিত্তথলির অস্ত্রোপচারের পর ১২ রোগীর যক্ষ্মা শনাক্ত হওয়ার ঘটনায় হাসপাতালটির অপারেশন থিয়েটার বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

গত সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করে অপারেশন কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই হাসপাতালে বিভিন্ন সময়ে ১১ নারীকে সিজারিয়ান অপারেশন এবং একজনের পিত্তথলির অস্ত্রোপচার করা হয়। পরে এসব রোগীর কয়েকজনের অস্ত্রোপচারের ক্ষত শুকাতে দেরি হওয়ায় তারা ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে তারা জানান, আল-মদিনা হাসপাতালে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ধরে তাদের ক্ষত শুকাচ্ছে না।

পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় কয়েকজনের যক্ষ্মা শনাক্ত হয়। অন্য কয়েকজন রোগীও ব্যক্তিগতভাবে পরীক্ষা করিয়ে একই রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন।

আক্রান্ত ১২ রোগীর মধ্যে রয়েছেন বেড়হাউলিয়া গ্রামের তসলিমা খাতুন ও রিতা খাতুন, থানাপাড়ার জয়া রানী ও আয়েশা খাতুন, রুলদহের মারুফা খাতুন, চিথুলিয়ার খুশি খাতুন, মৃধাপাড়ার মিতা খাতুন, সোনাহারার মরিয়ম খাতুন, শাকপালার তানিয়া খাতুন, খলিশাদহের লিমা খাতুন, বাদালের আতিয়া খাতুন ও আমলাপাড়ার জুথি খাতুন।

এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১২ রোগীর তালিকা তৈরি করে গত ১৩ আগস্ট পাবনার সিভিল সার্জনের কাছে পাঠান। পরে সিভিল সার্জন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাসপাতালটি পরিদর্শন করে অপারেশন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনাটি তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আশিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে অপারেশনের সব যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সামগ্রী নতুন করে সংগ্রহ করে কর্তৃপক্ষকে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতালের পরিচালক মাসুদ রানা বলেন, বিষয়টি জানার পর হাসপাতালের সব ধরনের অপারেশন বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি যন্ত্রপাতিসহ হাসপাতালের বিভিন্ন সামগ্রী জীবাণুমুক্ত করার কাজ চলছে। আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবাও হাসপাতালের অর্থায়নে দেওয়া হচ্ছে।