নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা সদর উপজেলার বিভিন্ন মাদকস্পটে অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে চর ঘোষপুর ও কবিরপুর এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চর ঘোষপুরের কুদ্দুস মন্ডলের ছেলে মো. মনিরুল মন্ডল (৪০), চর সাধুপাড়ার মো. মোজাফরের ছেলে মো. নাছিম (৪০), শালগাড়িয়ার বাবু কোরাইসির ছেলে মো. জুয়েল কোরাইসি (৩৬), কফিলউদ্দিন পাড়ার মৃত হারুনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৫) এবং শালগাড়িয়ার বাবু কোরাইসির ছেলে মো. জ্যাকি কোরাইসি (৩২)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৯৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।