ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ওই স্থান থেকে অবৈধ দখল সরিয়ে জায়গাটি পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালীবাড়ি এলাকার সোহেল রানা নামে এক ব্যক্তি রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা দখলের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, তিনি বিএনপির নাম ব্যবহার করে এ দখলচেষ্টায় জড়ান। তবে অভিযোগের বিষয়ে সোহেল রানার বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি জানাজানি হলে ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের নির্দেশনায় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা শহীদ মিনারের জায়গা থেকে দখল সরিয়ে স্থানটি উন্মুক্ত করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক সাপলু, সাবেক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক বাইজিদ বোস্তমী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ ও যুবদল নেতা শরীফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে দেওয়া হবে না। সরকারি ও জনস্বার্থসংশ্লিষ্ট কোনো জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ এমন কর্মকাণ্ডে জড়ালেও তাকে ছাড় দেওয়া হবে না।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারিত্বকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। ভাঙ্গুড়ায় জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও দলীয়ভাবে অবস্থান নেওয়া হবে।
শহীদ মিনারের জায়গা দখলমুক্ত হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ পুনরায় জায়গাটি দখলের চেষ্টা করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply
You must be logged in to post a comment.