নিজস্ব প্রতিবেদক, পাবনা: যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা প্রতিরোধে পাবনা শহরে ছয় দিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে সদর ট্রাফিক পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কগুলোতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, অবৈধ পার্কিং, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন অমান্যসহ বিভিন্ন অপরাধে ৫৫টি যানবাহন জব্দ করা হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে ৭০টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।
অভিযানে নেতৃত্ব দেওয়া শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সদাকাতুল বারী বলেন, পাবনা শহরের প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখা, যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের পরিবেশ তৈরির লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
অভিযানকালে শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আরিফুল ইসলাম, সার্জেন্ট আমান, সার্জেন্ট কাউসার, টিএসআই আব্দুল বারেকসহ ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
ট্রাফিক পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও পথচারীরা। তাদের মতে, বেপরোয়া যান চলাচল, কাগজপত্রবিহীন যানবাহন এবং সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পাবনা শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.