পাবনা প্রতিনিধি: পাবনার সাংস্কৃতিক অঙ্গনের দুই পরিচিত মুখ সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠনের প্রয়াত সভাপতি বাবলা ওয়াজেদ ও সংগঠনের সদস্য মাহবুবুর রহমান বাচ্চুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টায় শহরের আব্দুল হামিদ কমপ্লেক্সের শ্যাম ঠাকুর রোডে অবস্থিত মেমোরিয়াল ক্লাব বুকসে এ আয়োজন করে সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠন।

কণ্ঠশিল্পী মো. মাজহারুল ইসলাম মাযহারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আক্তারুজ্জামান জর্জ। স্বাগত বক্তব্য দেন সুরঙ্গন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

স্মরণসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, রোটারিয়ান মো. আলতাফ হোসেন, একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, বাচিকশিল্পী ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম হিরা, সংগীত প্রশিক্ষক শফিক আহমেদ, নাট্য ও চলচ্চিত্র অভিনয়শিল্পী আশরাফ রবী, তবলাবাদক সঞ্জীব দাশ নন্দ, সংগীতশিল্পী বংকেশ সরকার, বাবলা ওয়াজেদের শ্যালক সেলিমুজ্জামানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা।

বক্তারা বলেন, বাবলা ওয়াজেদ ও মাহবুবুর রহমান বাচ্চু ছিলেন পাবনার সাংস্কৃতিক অঙ্গনের নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন তাঁরা সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে স্থানীয় সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করেছেন। তাঁদের মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সাংস্কৃতিক ব্যক্তিত্বের কর্মময় জীবন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত স্মৃতিচারণ করেন। এ সময় তাঁদের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহকর্মীরা।

পরে প্রয়াত বাবলা ওয়াজেদ ও মাহবুবুর রহমান বাচ্চুর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।