চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবীর সোহাগ। নিজ শৈশবের বিদ্যাপীঠের দায়িত্ব পেয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ফিরিয়ে আনা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দীর্ঘদিনের সামাজিক ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবীর সোহাগের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু। বর্তমানে তিনি চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি সমাজসেবা, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনেও সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর। তরুণ ও কিশোরদের নিয়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ‘ঘাসফুল সংঘ’। সংগঠনটির মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন তিনি।
শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৯ সালে ‘প্যাসিফিক একাডেমি স্কুল’ প্রতিষ্ঠা করেন হুমায়ুন কবীর সোহাগ। প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি মজবুত করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় হুমায়ুন কবীর সোহাগ বলেন, “বাল্যকাল থেকেই এলাকার শিক্ষার সার্বিক মানোন্নয়নে কাজ করার স্বপ্ন ছিল আমার। সেই লক্ষ্য থেকেই ২০০৯ সালে প্যাসিফিক একাডেমি স্কুল প্রতিষ্ঠা করি। এবার নিজের শৈশবের প্রিয় বিদ্যাপীঠে মাধ্যমিক স্তরের শিক্ষার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় সুধীজন, প্রবীণ ও নবীন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা পেলে বিদ্যালয়টিকে এ অঞ্চলের একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।”
এদিকে, হুমায়ুন কবীর সোহাগ চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব, সহপাঠী, শিক্ষক, সামাজিক সংগঠন ‘ঘাসফুল সংঘ’-এর তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে চড়ইকোল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Leave a Reply
You must be logged in to post a comment.