পাবনা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। আগামী ২৯ আগস্ট থেকে পাবনা-ঢাকা রুটে যাত্রা শুরু করতে পারে নতুন এই ট্রেন। এর নাম রাখা হয়েছে ‘সপ্তপদী এক্সপ্রেস’

রেলওয়ে বিভাগের উচ্চপর্যায়ের একটি সভায় সোমবার (১৭ আগস্ট) রাতে ট্রেনটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রেলওয়ের একটি সূত্র জানায়, আগামী ২২ আগস্ট ভারত থেকে নতুন র‌্যাক দেশে আসার কথা রয়েছে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ২৯ আগস্ট ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ট্রেনটির নাম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। ‘পাবনা এক্সপ্রেস’, ‘ইছামতি এক্সপ্রেস’ ও ‘চলনবিল এক্সপ্রেস’সহ বিভিন্ন নাম প্রস্তাবের পর শেষ পর্যন্ত ‘সপ্তপদী’ নামটি চূড়ান্ত করা হয়।

রেলওয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, পাবনা মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান। ১৯৬১ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র ‘সপ্তপদী’। সেই ঐতিহাসিক নামের সঙ্গে পাবনার সাংস্কৃতিক ঐতিহ্যকে যুক্ত করেই নতুন ট্রেনটির নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ রাখা হয়েছে।

জানা গেছে, ট্রেনটিতে থাকবে মোট ১১টি কোচ। এর মধ্যে একটি এসি বাথ ও দুটি এসি চেয়ার কোচ থাকবে। ধারণা করা হচ্ছে, প্রতিদিন প্রায় ২ হাজার যাত্রী এই ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন।

প্রস্তাবিত রুট অনুযায়ী, পাবনা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি টেবুনিয়া, মাজগ্রাম জংশন, ঈশ্বরদী জংশন, চাটমোহর, ভাঙ্গুড়া, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, টাঙ্গাইল হয়ে ঢাকায় পৌঁছাবে। তবে ট্রেনটির নির্দিষ্ট সময়সূচি ও প্রতিটি স্টেশনে যাত্রাবিরতির সময় এখনো চূড়ান্ত হয়নি।

পাবনা থেকে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চালুর খবরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। দীর্ঘদিনের দাবির পর এই রেল যোগাযোগ চালু হলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে পাবনার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করছেন তারা।