বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কণা রিতা কস্তা (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোরে ঢাকার বনশ্রী ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কণা রিতা কস্তা বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার নিবিড় রিবেরুর স্ত্রী। তিনি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর জগতলা এলাকার রঞ্জন কস্তার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কণা। অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে ঢাকার বনশ্রী ফরাজী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত সোমবার ভোরে তিনি মারা যান।
কণার বাবা রঞ্জন কস্তা জানান, দুই সন্তানের মধ্যে কণা ছিলেন বড়। প্রায় আড়াই বছর আগে নিবিড় রিবেরুর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর চাকরির কারণে তারা ঢাকায় বসবাস করছিলেন। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হয়নি।
কণার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply
You must be logged in to post a comment.