পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জেলার সাঁথিয়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএনসি পাবনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার সি অ্যান্ড বি এলাকা এবং ঈশ্বরদী উপজেলার মশুরিয়াপাড়া ও অরণকোলা এলাকার বিভিন্ন মাদক স্পটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট পাঁচজন মাদকসেবীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাঁথিয়া উপজেলার মহিষখোলা গ্রামের নিজাম প্রাংয়ের ছেলে ইয়াসিন আলী (২৬), বেড়া শেখপাড়া গ্রামের মৃত বালা শেখের ছেলে মো. রেজাউল (৫৬), ঈশ্বরদীর অরণকোলা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে মো. শুকুর আলী (৪০), একই এলাকার মো. হান্নানের ছেলে মো. ইমন (২৬) এবং বড়ইচারা গ্রামের মৃত বাবলুর ছেলে মো. সাকিল (৩৮)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপপরিদর্শক সোহান, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

তিনি জানান, আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৬৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে ডিএনসির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।