ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় চার বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে ভাঙ্গুড়া থানার রেললাইনপাড়া এলাকায় প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় রিন্টু মিঞা (১৯)। অভিযোগ রয়েছে, বাড়িতে নেওয়ার পর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে।

একপর্যায়ে শিশুটির মা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা রিন্টু মিঞাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তকে হেফাজতে নেয়।

চার বছরের শিশুকে ঘিরে এমন অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, এ ঘটনায় ১৬ আগস্ট ভাঙ্গুড়া থানায় মামলা নম্বর-০৮ দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।