পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী নিয়মিত অভিযানে ছয় মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) পাবনা সদর উপজেলার গোপালপুর এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসি পাবনা সদর সার্কেল টিম। অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন, গোপালপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে সোহাগ হোসেন রতন (৩৮), একই গ্রামের মৃত মহসিন হোসেনের ছেলে তানভীর রনি (৩৮), ফকিরপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে মো. সুরুজ (৪০), দিলারপুর গ্রামের মৃত শেখ আব্দুল হামিদের ছেলে মো. ইসতিয়াক পারভেজ সুজন (৫০), হেমায়েতপুর গ্রামের মো. বিল্লাল প্রামাণিকের ছেলে মো. আব্দুল করিম (৩৬) এবং চর বাঙ্গাবাড়িয়া গ্রামের মো. শামসুল মোল্লার ছেলে মো. খোকন মোল্লা (৩৮)।
ডিএনসি পাবনার পরিদর্শক তারেক মাহমুদ, উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৫৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.