পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) পাবনা সদর উপজেলার শালগাড়িয়া ও জালালপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় ডিএনসি পাবনা।
আটকরা হলেন, শালগাড়িয়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. আবু হানিফ (৩২) এবং জালালপুর এলাকার আব্দুল আউয়ালের ছেলে মো. মিলন আলী (২৫)।
ডিএনসি পাবনার উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.