পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজাসহ মো. রব্বেল ফারাজী (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মাদকস্পট থেকে আরও পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) পাবনা সদর থানাধীন চর সদিরাজপুর (পুরাতন পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে ডিএনসি পাবনা সদর সার্কেলের একটি দল অভিযান চালিয়ে নিজ শয়নকক্ষ থেকে ২১০ গ্রাম গাঁজাসহ রব্বেল ফারাজীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রব্বেল ফারাজী পাবনা সদর থানাধীন চর সদিরাজপুর (পুরাতন পাড়া) গ্রামের মৃত মনির ফারাজীর ছেলে। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এদিকে পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার পাকশী, রূপপুর ও আওতাপাড়া এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক পাঁচজন হলেন, পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শিপন (৪০), কৃষ্টপুর গ্রামের মৃত দুলালের ছেলে মো. হাফিজুর রহমান (৩২), ঈশ্বরদীর যুক্তিতলা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. নাজমুস শাহাদত (৪১), নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের রবিউল মৃধার ছেলে মো. রাশেদুল ইসলাম (২০) এবং ঈশ্বরদীর বাশেরবাদা গ্রামের আপাল মন্ডলের ছেলে মো. শ্যামল ইসলাম (২৫)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপ-পরিদর্শক সোহান ও উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আগস্ট ২০২৬ মাসে এ পর্যন্ত মাদক অপরাধের ঘটনায় মোট ৪২ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিস্তার রোধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.