চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দোদারিয়া বিল থেকে প্রায় ৩৬ পিস চায়না দুয়ারী জাল এবং ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।