চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে দিনে দুপুরে একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে ব্যস্ত সড়কের পাশে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা ঘটনাটিকে রহস্যজনক বলছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে অ্যাডভোকেট মঞ্জুর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় অ্যাডভোকেট মঞ্জু আদালতের কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী তাসনিমা। তিনি জানান, সকাল ১১টার পর এক নারী একটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে পানি চান। পরে ওই নারী ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আরও তিনজন পুরুষ সেখানে ঢোকেন।

তাসনিমার দাবি, চারজন মিলে তাকে হাত-পা বেঁধে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে তারা চলে যান। অভিযুক্তদের কারও মুখ ঢাকা ছিল না বলেও জানান তিনি। তবে কাউকেই চিনতে পারেননি।

অ্যাডভোকেট মঞ্জুর ভাষ্য, খবর পেয়ে তিনি পাবনা থেকে বাড়িতে আসেন। তিনিও বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার কথা জানান।

এদিকে, বাড়িটি চাটমোহর-পাবনা সড়কের তেনাপীর তলা মার্কেটের কাছেই হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, দিনের ব্যস্ত সময়ে সড়কের পাশে এমন ঘটনা ঘটলেও তারা কেউ বিষয়টি টের পাননি। এ কারণে ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন তারা।

খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের তদন্তের পরই অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।