পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার কাশিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল মাবুদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালায় ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল। উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্র জানায়, রাত ২টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আব্দুল মাবুদের নিজ দখলীয় শয়নঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘর থেকে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি পুরোনো বাটন মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুল মাবুদ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মো. কোয়াজ আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত মো. আলামিন ওরফে মুন্না (৩৩) একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে। অভিযানকালে তিনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পাবনায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply
You must be logged in to post a comment.