পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) পাবনা সদর উপজেলার কবিরপুর ও লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ডিএনসি পাবনা জেলা কার্যালয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে মো. চাঁদ আলী (৪৬), টেবুনিয়া এলাকার ফজলুর রহমানের ছেলে মো. শামীম হোসেন (৪৫) এবং শংকরপুর এলাকার মৃত মুনসের আলী প্রামাণিকের ছেলে মো. আদর প্রামাণিক (৪৭)।
ডিএনসি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার উপপরিদর্শক সোহান ও উপপরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।
তিনি জানান, আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ২৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.