চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে তার দূর সম্পর্কের নানা মো. মাসুদ রানা (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাসুদ রানা পার-চাটরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে মাসুদ রানা তার পথরোধ করে কুপ্রস্তাব দেয়। শিশুটি তাতে রাজি না হলে অভিযুক্ত তার শরীরে স্পর্শ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখে ফেললে মাসুদ রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা জানায়।
এরপর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানাকে গ্রেফতার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানান, মামলা রেকর্ড করার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.