ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থী হালিম মজহার নূর (বামে) এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে দলীয় সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন বাহার (ডানে)।

ভাঙ্গুড়া প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও পাবনার ভাঙ্গুড়া উপজেলায় উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ আগস্ট) উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম এবং ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদে বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার দলীয় সমর্থন পেয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন, খানমরিচ ইউনিয়নে মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে আজিজুর রহমান শফি, পারভাঙ্গুড়া ইউনিয়নে রেজাউল করিম, মন্ডতোষ ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ

উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে উপজেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে। অন্যদিকে পৌরসভার মেয়র পদে দলীয় নেতাদের অংশগ্রহণে গোপন ভোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

দলটির নেতারা আশা প্রকাশ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশ নেবেন।