দর্পণ ডেক্স : পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মুমিনপাড়া এলাকায় মাদক বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে প্রকাশ্যে সতর্ক করেছেন স্থানীয় বাসিন্দারা। ভবিষ্যতে মাদক-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট রাতে মুমিনপাড়া এলাকায় একত্রিত হয়ে এলাকাবাসী একই এলাকার আয়ুব আলীর ছেলে আমিরুল এবং কাজল নামে দুই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করেন। তারা মাদক বিক্রি, সংরক্ষণ ও এ ধরনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি এলাকায় মাদক কেনাবেচা ও সংরক্ষণের সঙ্গে জড়িত। অতীতে প্রশাসন তাদের একাধিকবার আটক করলেও জামিনে মুক্ত হয়ে তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ সময় পার্শ্ববর্তী মানৈর গ্রামের কিছু বাসিন্দাও অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তবে পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়রা উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের সতর্ক করে দেন এবং মাদক ব্যবসা বন্ধের আহ্বান জানান।

স্থানীয়দের ভাষ্য, ভবিষ্যতে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আবারও মাদক-সংশ্লিষ্ট অভিযোগ উঠলে সামাজিকভাবে তাদের প্রতিরোধ করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

তবে অভিযুক্ত দুই ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।