পাবনা প্রতিনিধি: পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৮ বোতল নিষিদ্ধ ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার চক পৌলানপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি চৌকস দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামের তমিচ সরদারের ছেলে মো. তুষার (৩১)। তিনি বর্তমানে পাবনা সদর উপজেলার চক পৌলানপুর এলাকায় মো. মাসুম আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়াবাসার খাটের নিচে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ‘ইস্কাফ’ সিরাপের ৭৮ বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সিরাপ ছিল। উদ্ধার হওয়া সিরাপের মোট পরিমাণ ৭ হাজার ৮০০ মিলিলিটার, যার আনুমানিক বাজারমূল্য ৭৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তুষার পুলিশের কাছে স্বীকার করেন, তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান বহাল থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.