ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে পাবনার ভাঙ্গুড়ায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা অষ্টমনীষা ইউনিয়নের ছোট বিশাকোল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী এবং ছোটবিশাকোল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ পরিকল্পনার অংশ হিসেবে ছোট বিশাকোল বাজার থেকে বড় বিশাকোল বাজার পর্যন্ত এবং ডেঙ্গার পাড়া সড়ক থেকে ধলাগাড়া ঘাট পর্যন্ত মোট পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

এই কর্মসূচির আওতায় জারুল, কাঠবাদাম, ছাতিয়ানী, কড়ই, মেহগনি, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে। সংশ্লিষ্টদের মতে, এসব গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রকৌশল অফিস আরও জানায়, রোপণ করা গাছের সুরক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা হবে। পাশাপাশি গাছের পরিচর্যা ও পাহারার ব্যবস্থাও নিশ্চিত করা হবে, যাতে দীর্ঘমেয়াদে কর্মসূচির সুফল পাওয়া যায়।