চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জিরো পয়েন্ট এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামের বলাই হালদারের ছেলে নয়ন হালদার (২৪)।

আদালত সূত্রে জানা যায়, ইভটিজিংয়ের অভিযোগে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় বিচার অনুষ্ঠিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রায় কার্যকরের পর চাটমোহর থানা পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত নয়ন হালদারকে পাবনা জেলা কারাগারে পাঠিয়ে দেয়।