সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাবুপাড়ার মৃত শুকুর শেখের ছেলে মো. শাজাহান শেখ (৫০)। বর্তমানে তিনি সুজানগর উপজেলার চিনাখড়া কারিগরপাড়ায় বসবাস করতেন। অপরজন সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাবুপাড়ার মৃত সোরহাব শেখের ছেলে মো. রুহুল আমিন শেখ (৩৭)

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে শাজাহান শেখের কাছ থেকে ৪০ পিস এবং রুহুল আমিন শেখের কাছ থেকে ৪০ পিসসহ মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া শাজাহান শেখের কাছ থেকে ইয়াবা বিক্রির ৩ হাজার ৩৮০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তারা জেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সুজানগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, পাবনায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।