পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চলমান মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২ আগস্ট) পাবনা সদর উপজেলার দিলালপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে পৃথক অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সদস্যরা অংশ নেন।

আটকরা হলেন, দক্ষিণ রাঘবপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. সানা কসাই (৪৫), রামচন্দ্রপুর গ্রামের মৃত ময়েন শেখের ছেলে আতাউল শেখ আতা (৪৭), কাচারীপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে মো. আলমগীর রনি (৪৫) এবং সাধুপাড়া এলাকার মৃত রওশন খাঁর ছেলে মো. শাহজাহান (৫৫)। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক তারেক মাহমুদ, উপ-পরিদর্শক সোহান এবং উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন। আদালত আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদকের আগ্রাসন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।