নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় পাঁচটি হিন্দু পরিবারের বাড়িতে হুমকিমূলক চিঠি রেখে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা চাওয়া হয়েছে। দাবি পূরণ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (রাত) আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা নিজ নিজ বাড়ির বারান্দায় চিঠিগুলো পড়ে থাকতে দেখেন। প্রথমে নারায়ণ কুমার পালের ছেলে অরুণ কুমার পাল নিজের বাড়ির বারান্দায় একটি চিঠি দেখতে পান। পরে বিষয়টি প্রতিবেশীদের জানালে অজামিল পাল, সুব্রত পাল, অধির পাল ও ষষ্ঠী পালের বাড়িতেও একই ধরনের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
স্থানীয়দের জানানো মতে, পালপাড়ায় প্রায় ৫৫টি হিন্দু পরিবারের বসবাস। কয়েকটি পরিবারের বাড়িতে একযোগে এ ধরনের হুমকিমূলক চিঠি পৌঁছানোয় পুরো এলাকায় নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।
চিঠিতে প্রেরক হিসেবে নিজেদের ‘সেভেন স্টার কর্তৃপক্ষ’ পরিচয় দেওয়া হয়েছে। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কাউকে জানানো হলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ রাস্তায় ফেলে রাখার হুমকিও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এটি পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি ও চাঁদাবাজির চেষ্টা। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.