চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর মাত্র পাঁচ মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সরকারের কার্যক্রমের ইতিবাচক প্রভাব মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে।
রোববার (২ আগস্ট) পাবনার চাটমোহর ও ফরিদপুর উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে চলনবিল অঞ্চলে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএমডিএ চেয়ারম্যান। পরে তিনি বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান জাফির তুহিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল ধীরে ধীরে দেশের মানুষ ভোগ করতে শুরু করেছে।
তিনি আরও বলেন, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুন্নাহার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা নাছের চৌধুরী, ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

Leave a Reply
You must be logged in to post a comment.