চাটমোহর (পাবনা) প্রতিনিধি: কাঙ্ক্ষিত শিখনফল অর্জনে ব্যর্থ হওয়ার অভিযোগে পাবনার চাটমোহর উপজেলার ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গত ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চারটি মৌলিক নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে মূল্যায়নে চাটমোহরের ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাঙ্ক্ষিত শিখনফল অর্জিত হয়নি।

নোটিশে উল্লেখ করা হয়েছে, একাধিক নির্দেশনা ও তদারকির পরও কার্যকর উদ্যোগ গ্রহণে ব্যর্থতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল কবীর জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। শিক্ষকদের লিখিত ব্যাখ্যা পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিখনফল উন্নত না হলে ভবিষ্যতে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।