পাবনা প্রতিনিধি: পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বুধবার (২৯ জুলাই) জেলার হান্ডিয়াল তদন্তকেন্দ্র, শরৎগঞ্জ, আইনগঞ্জ, বনগ্রাম ক্যাম্প, কামালপুর অস্থায়ী ক্যাম্প এবং আমিনপুর থানাসহ মোট ৬টি থানা ও পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানা ও ক্যাম্পগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন দাপ্তরিক শাখা এবং অফিসিয়াল রেকর্ডপত্র পর্যালোচনা করেন। একই সঙ্গে থানার কম্পাউন্ড ও অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জবাবদিহিতা এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এবং জনগণের দোরগোড়ায় দ্রুত, মানসম্মত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, “জনতার আস্থা, পুলিশের প্রত্যয়, নিরাপদ ও শান্তিপূর্ণ পাবনা গড়াই আমাদের অঙ্গীকার।”

Leave a Reply
You must be logged in to post a comment.