ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. আকবর খান (৩০)। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজার এলাকার ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আকবর খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই ফরিদপুর থেকে মাছ বিক্রি শেষে নিজ জেলা নাটোরে ফিরছিলেন এক মৎস্য ব্যবসায়ী। পথে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী এলাকায় কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরদিন ২৬ জুলাই ভুক্তভোগী ব্যবসায়ী ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সিরাজগঞ্জে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.