পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদর ও ঈশ্বরদী সার্কেলের পৃথক অভিযানে মোট ২০ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকেও আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ডিএনসির নিয়মিত মাদকবিরোধী অভিযানে পাবনা সদর থানার দোগাছী ইউনিয়নের বোবড়াখালী গ্রামে পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়ার ছেলে মো. হাসিবুর রহমান সাগর (৩০)-কে তার নিজস্ব প্রতিষ্ঠান “মেসার্স সাদিয়া ডাইং” থেকে ১৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ঈশ্বরদী থানার দাশুড়িয়া-টু-বনপাড়া মহাসড়কের দাশুড়িয়া কারিগড়পাড়া এলাকায় উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নম্বরবিহীন একটি সিএনজির যাত্রী আসন থেকে ৭ কেজি গাঁজাসহ রাজশাহীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকার মো. সাজাহান আলীর ছেলে মো. আব্দুল রাকিব আলী রকি (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে পাবনা সদর ও ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সদর উপজেলার বোবড়াখালী এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়। আটকরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে মো. নয়ন (২৬) এবং পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামের মৃত মাহবুব সরকারের ছেলে মো. সৌরভ (২৩)।
ডিএনসির উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন উপস্থাপন করেন। পরে আদালত দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত জেলায় মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৮৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.