নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলার আমিনপুর থানার তালিমনগর এলাকায় অভিযান চালিয়ে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ পাবনা। এ ঘটনায় আরও এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার তালিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে তালিমনগর গ্রামের মো. আলী খন্দকারের ছেলে মো. আরিফ খন্দকার (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী একই গ্রামের মো. আলী খন্দকারের ছেলে মো. সজীব খন্দকার (২৪) পালিয়ে যান।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃত আরিফকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পলাতক সজীব খন্দকার ফেলে যাওয়া দুটি নীল জিপার ব্যাগ থেকে ২৯৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানান, তিনি ও সজীব পরস্পরের যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় আমিনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদক, অস্ত্র ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.