ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির মামলায় আসামি হওয়ার পর মামলাকে “মিথ্যা” দাবি করে সংবাদ সম্মেলন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী আলম। তবে সংবাদ সম্মেলন চলাকালেই পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি ও মামলার অন্য আসামিরা স্থান ত্যাগ করেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রূপপুর কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাতে নিশ্চিত করেন পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘাইল এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুন্নবী আলমকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, ঘটনার রাতেই অভিযান চালিয়ে গাছপাড়া এলাকা থেকে ডাকাতি হওয়া ট্রাক দুটি উদ্ধার করা হয়। একই ঘটনায় অভিযুক্ত মো. নিজামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, মামলাটি ভিত্তিহীন দাবি করে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন নুরুন্নবী আলম। তবে ডিবি পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হলে তিনি ও তার সঙ্গে থাকা অন্য আসামিরা দ্রুত স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, নুরুন্নবী আলমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে মামলাটি মিথ্যা বলে দাবি করা হলেও এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।