পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) চলমান মাদকবিরোধী অভিযানে পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর ও বলরামপুর এবং ঈশ্বরদী উপজেলার বড়ইচারা, রূপপুর ও সাহাপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, চর আশুতোষপুর গ্রামের আসিরুদ্দিন মীরের ছেলে মো. মান্নান মীর (৫৫), বলরামপুর মধ্যপাড়া গ্রামের মো. আক্কাজ আলীর ছেলে মো. আব্দুল আলিম (২৮), দ্বীপচর মধ্যপাড়া গ্রামের মৃত কাপু মণ্ডলের ছেলে মো. ফারুক মণ্ডল (৩১), ঈশ্বরদীর বড়ইচাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মো. রবিউল ইসলাম (৪০) এবং একই গ্রামের মো. নুরনবীর ছেলে মো. নাঈম (৩০)।

আসামিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মো. জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান এবং উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি জুলাই মাসে এ পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে মোট ৮০ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।