পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ২৪০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে ঈশ্বরদী থানার চর সাহাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বসতঘর থেকে ২৪০ গ্রাম গাঁজাসহ রেহেনা খাতুন (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি চর সাহাপুর গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার-এর নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে পাবনা সদর উপজেলার রামানন্দপুর ও লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুনসিদপুর ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। আটকরা হলেন, রামানন্দপুরের মো. মহিদুল ইসলাম (৪৫), আতাইকুলার রঘুনাথপুরের মো. ভুট্টু খান (৩৫), ঈশ্বরদীর শেরশাহ রোডের মো. বাবু (৬০), দাশুড়িয়ার মো. লোকমান (৫৫) এবং মুনসিদপুরের মো. শিশির আহমেদ (২০)।
পরে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন উপস্থাপন করলে আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই ২০২৬ মাসে এ পর্যন্ত ৭৩ জনকে মাদক-সংক্রান্ত অপরাধে আইনের আওতায় আনা হয়েছে। মাদক নির্মূলে ডিএনসির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.